ফেসবুক-হোয়াটস অ্যাপে লেনদেন হবে লিবরা’য়
ওজনের রোমান পরিমাপক হলো লিবরা। এই ‘লিবরা’ নামেই ক্রিপ্টোকারেন্সি সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।
নিজের ফেসবুক পোস্টের এ ঘোষণা দেন তিনি। জানিয়েছেন, আগামী বছর থেকে লেনদেন করা যাবে এই লিবরার মাধ্যমে।
এটি ব্যবহার করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একে অপরকে সহজে অর্থ পাঠাতে পারবেন এবং অনলাইনে কেনাকাটা করতে পারবেন।
ইতিমধ্যে বিশ্বের খ্যাতনামা ২৬টি প্রতিষ্ঠান ফেসবুকের সঙ্গে ক্রিপ্টোকারেন্সির বিষয়ে চুক্তি করেছে। এসব কোম্পানির মধ্যে মাস্টারকার্ড, ভিসা, পে-প্যাল, স্ট্রাইপ, ই-বে, উবার, লিফ্ট, স্পটিফাই, কয়েনবেজ, জ্যাপো, আন্দ্রেসেন হরোউইটজ, পে-ইউ, উইমেন’স ওয়ার্ল্ড ব্যাংকিং, ভোডাফোন অন্যতম।
ফেসবুকের পাশাপাশি এসব কোম্পানি ‘লিবরা অ্যাসোসিয়েশন’ নামে একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের অধীনে থেকে ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থাটি পরিচালনা করবে।
এই ক্রিপ্টোকারেন্সি আনার উদ্দেশ্য সম্পর্কে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, লিবরা হবে একটি সহজ অর্থ ব্যবস্থা। যা বিশ্বের কোটি মানুষ ব্যবহার করে উপকৃত হবেন। ব্লক চেইন প্রযুক্তি ব্যবহার করে এই ভার্চুয়াল মুদ্রাটি ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে।
আগামী বছরে লিবরা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১০০ ছাড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।